টেস্ট দলে ডাক পাওয়া তিন হাসানের বোলিংয়ে হাঁসফাঁস করছে রাজশাহীর ব্যাটাররা। চট্টগ্রামে জাতীয় লিগে ১০১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে বসেছে তারা।
বিশ্বকাপে ব্যর্থ তানজিদ হাসান তামিম প্রথম ইনিংসের মতো আবার হাসান মাহমুদের বলে আউট হয়েছেন। প্রথম ইনিংসে ১১ রান করা বাহাতি ওপেনার এবার পেয়েছেন গোল্ডেন ডাক। নাঈম হাসান আউট করেন কুড়ি রান করা রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। পরের তিনটি উইকেট নিয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক আওয়া বাহাতি স্পিনার হাসান মুরাদ। এর মধ্যে মুশফিকুর রহিমকে ফেরান তিনি ১৬ রানে। প্রথম ইনিংসেও মুশফিকের উইকেট নিয়েছিলেন মুরাদ। প্রথম ইনিংসের ৪ উইকেটের সঙ্গে তিন উইকেট যোগ করেছেন মুরাদ এখন পর্যন্ত।
এর আগে ইরফান শুক্কুরের সঙ্গে শাহাদত হোসেন দিপুর ১৪০ রানের জুটিতে ২৯০ রান করে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে। দুজনই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ৬ উইকেট শিকারী সানজামুল ইসলামের বলে। নার্ভাস নাইনটি নাইনে আউট হন শুক্কুর। ১৮৭ রানে ৮৭ রান করেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া দিপু।