‘আমাকে হয়তো হত্যার চেষ্টা করা হচ্ছে’ আশঙ্কা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং এ সকল খারাপ কাজ যারা করে তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি সেটা ৭ তারিখের পর দেখবেন।
রোববার (১৯ নভেম্বর) বিকালে নাসিক ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফিলিস্তিন ইস্যুতে বিএনপি কেন কথা বলে না প্রশ্ন রেখে শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন। আমেরিকা অ্যাম্বাসির পতাকাও অর্ধনমিত রাখতে হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না আমেরিকা।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বললেন, আমাদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেন, ফখরুল সাহেব চুপ থাকেন! কেন? ওদের বিদেশি প্রভুরা রাগ করবে!
তিনি আরও বলেন, ওরা (বিরোধী দল) বাংলাদেশকে একটা কলোনি বানাতে চায়। এটা হবে না যতদিন শেখ হাসিনা আছেন। শেখ হাসিনা একজন হিমালয় পর্বত। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করল বিশ্বব্যাংকে, সিঙ্গাপুরের আদালতে।
নেত্রী বললেন আয়, প্রমাণ কর। সেটা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। অবশ্য এটা ভালোই হয়েছে। আজ আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি। আজ বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আমাকে মানুষের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েন। আমি মানুষের মনের ভেতর জায়গা করতে চাই। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি- মাদক সন্ত্রাস নির্মূলের চেষ্টা করব। তবে আমি একা পারব না। আপনাদের সকলকে নিয়ে, ভালো মানুষগুলোকে নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।