মজার বিষয় রসায়ন

শিক্ষার্থীদের মধ্যে রসায়ন নিয়ে একটা ভয় কাজ করে। অনেকে বিজ্ঞান নিতেই ভয় পায় রসায়নের কারণে। আদতে রসায়ন একটি মজার বিষয়। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের সঙ্গে জড়িত এ বিদ্যা। এগুলো জানলে রসায়ন সম্পর্কে আগ্রহী হয়ে উঠবে সবাই। রসায়নের কিছু মজার বৈশিষ্ট্য নিয়ে লিখেছেন আনোয়ার হোসেন

পদার্থ এবং শক্তি

পদার্থকণা এমন উপাদান, যা একত্রিত হয়ে ভৌত বস্তু গঠন করে। আর এই পদার্থকণা শক্তির রূপান্তর মাত্র। মজার বিষয় হলো, পদার্থ শক্তিতে এবং শক্তিকে পদার্থে রূপান্তরিত করা যায়। পদার্থের মধ্যে থাকে অণু, পরমাণু ইত্যাদি পদার্থকণা। পদার্থের বৈশিষ্ট্যযুক্ত ক্ষুদ্রতম কণার নাম অণু। আবার অণুকে বিভক্ত করলে পাওয়া যায় পরমাণু। একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক পদার্থের অণু-পরমাণু ক্রিয়া-বিক্রিয়া করে একটি নতুন পদার্থ সৃষ্টি করে।

প্রকারভেদ

রসায়নের নানা শাখা আছে। রসায়নের এই অণু-পরমাণুর খেলা এতই বিস্তৃত যে, প্রত্যেকটি শাখা যে যার কেন্দ্রবিন্দুতে সমুজ্জ্বল। নানান প্রকারভেদের মধ্যে প্রধান হলো, অরগানিক কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, বায়ো-কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।

ল্যাবরেটরির রসায়ন

পৃথিবীতে বিজ্ঞানীরা নানারকম রাসায়নিক বিক্রিয়া সমাধান করে, ডাটা বিশ্লেষণ করে প্রাপ্ত উপাত্ত থেকে অনেক জটিল রহস্য সমাধান করেন। বস্তুর বৈশিষ্ট্য নির্ধারণ করাটা বৈজ্ঞানিক পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ। এসব পরীক্ষা রসায়ন ল্যাবে হয়ে থাকে। ল্যাবরেটরিতে বস্তুর পরিচয় বের করার জন্য বিজ্ঞানীরা নানারকম পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। শিখা পরীক্ষা, অমø-ক্ষার পরীক্ষা, লিটমাস পরীক্ষা, তেজস্ক্রিয় পরীক্ষা ইত্যাদি প্রাথমিক পর্যায়ের কিছু পরীক্ষা।

প্রাত্যহিক জীবনে রসায়ন

বইয়ের পাতায় রসায়ন যতই খটোমটো লাগুক না কেন জীবনের প্রতিটি পর্যায়ে কোনো না কোনোভাবে রসায়নের উপস্থিতি রয়েছে। যেমন আমাদের প্রতিদিনের রান্নাবান্না, মোমবাতি পুড়ে আলো দেওয়া, ময়লা কাপড় সাবান দিয়ে পরিষ্কার করা, হাঁড়ি-পাতিল, প্লেট ইত্যাদি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা এমনকি পানি পান বা শ্বাস নেওয়াও রসায়নের বাইরের কিছু নয়।

তত্ত্বীয় রসায়ন

রসায়ন বিজ্ঞান শুধু পরীক্ষাগারেই সীমাবদ্ধ নয়। রাসায়নিক বিক্রিয়া এবং পরীক্ষা শুরু করার আগে থিওরি ও মডেল সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। রাসায়নিক পরিমাপ, ডেটা বিশ্লেষণ কেমিক্যাল ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হয়।

বিশ্বজোড়া রসায়ন

কেমিস্টদের কথা মনে হলেই আমাদের চোখে ভেসে ওঠে অ্যাপ্রন পরিহিত এমন এক ব্যক্তি, যার চোখে সেফটি গগলস এবং হাতে গ্লাভস পরে কনিকেল ফ্লাস্কে কিছু তরল জাতীয় জিনিস ল্যাবে বসে নাড়াচাড়া করছেন। কিন্তু সত্যি হলো, রসায়নের খেলা কেমিস্টদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা রান্নাঘরে, ক্ষেত-খামারে, অফিসে রসায়নের ব্যবহার এবং পরীক্ষা করছি। প্রকৃতপক্ষে আমরা যা স্পর্শ দ্বারা অনুভব করি, যার স্বাদ ও গন্ধ নিতে পারি তার সবই পদার্থ অর্থাৎ রাসায়নিক বস্তু। একটা ক্ষুদ্র কণা থেকে বৃহৎ বস্তু সব কিছুতেই রাসায়নিক কণা বিদ্যমান।