যুক্তরাষ্ট্রকে স্যাংশনের দেশ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘ওরা স্যাংশনের দেশ। ওরা দিতে পারে। ওরা বড়লোক। কিন্তু আমরা আমাদের মতো কাজ করব। বাস্তবতার নিরিখে কাজ করব। ওনারা (যুক্তরাষ্ট্র) যাদের টাকাটুকা দিয়ে রাখে তারা মনে করে এক দিনে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে। আমরা তো এক দিনে আমেরিকা হতে পারব না।’
বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও তাদের মানোন্নয়ন নিয়ে সম্প্রতি একটি স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। স্মারকপত্র প্রকাশের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার বক্তব্যে কল্পনা আক্তার নামে বাংলাদেশের এক গার্মেন্টস শ্রমিক ও নেত্রীর কথাও উল্লেখ করেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ডেকে নিয়ে এসেছেন বলেও এ সময় মন্তব্য করেন ড. মোমেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমেরিকাকে এক পায়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ডেকে নিয়ে এসেছেন।’
যুক্তরাষ্ট্র থেকে নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আসবে কি না এ প্রশ্নে ড. মোমেন বলেন, ‘আমি জানি না। এটা অন্য দেশের এখতিয়ার।’