নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে কমিশনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। গতকাল রবিবার ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
ইসি আলমগীর বলেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করুন, তাহলে অবশ্যই করব। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের নয়। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায় তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।’
প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট ও তথ্যবহুল হতে হবে।
কয়েকটি দল বলছে, ভোটের পরিবেশ নেই। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি আলমগীর বলেন, ‘চিরকাল সরকারি দল বিরোধী দলের প্রতি অভিযোগ তোলে। আবার বিরোধী দলও সরকারি দলের প্রতি অভিযোগ তোলে। ১৯৭০ সাল থেকেই আমি এটা দেখে আসছি।’