প্রতিপক্ষ দলে যখন লিওনেল মেসির মতো একজন থাকেন, তাকে নিয়ে আলাদা করে ভাবতে তো হবেই। ব্রাজিলও তাই পরিকল্পনা আঁটছে ফুটবল বিশ্বের মহাতারকাকে আটকানোর। দলটির ফরোয়ার্ড রদ্রিগো তো সরাসরিই বললেন, আর্জেন্টিনার বিপক্ষে মেসিকে নিয়ে সর্তক থাকতে হবে তাদের।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচটি দুই দলই হেরেছে। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে ব্রাজিল ও উরুগুয়ের সঙ্গে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। তাই জয়ে ফিরতে আসন্ন ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। এই ম্যাচ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটাতে চাইবেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পাঁচ গোল আছে মেসির। প্রতিপক্ষের এই খেলোয়াড়ের সম্পর্কে ভালোই ধারণা আছে ব্রাজিলিয়ানদের।
গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে নিয়ে সর্তক থাকার কথা বললেন রদ্রিগো, ‘আমি মনে করি, তারা আমাদের সম্মান করবে, ঠিক যেমন আমরা তাদের সম্মান করব। এটা অস্বীকার করার উপায় নেই। তিনি (মেসি) ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং তার ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে।’
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে।