ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার ভূগর্ভে হামাসের ১৮০ ফুট (৫৫ মিটার) দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলি সেনারা।
সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে (সাবেক টুইটার) সুড়ঙ্গের এক ভিডিও ও তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এ খবর জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি ও টাইমস অব ইসরায়েল।
এক্সের পোস্টে আইডিএফ জানায়, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে সেখানে ৫৫ মিটার (১৮০ ফুট) দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতাল কমপ্লেক্সের ৩৮ ফুট (১০ মিটার) নিচ থেকে শুরু হয়েছে এই সুড়ঙ্গটি।“
পোস্টে আরও বলা হয়, “সুড়ঙ্গটির প্রবেশমুখ বুলেটপ্রুভ দরজাসহ বিভিন্ন সুরক্ষা উপকরণে সজ্জিত। সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বন্দুক ও রকেট ছোড়ার ব্যবস্থাও রয়েছে।“
পরবর্তীতে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে, আল শিফা হাসপাতাল কম্পাউন্ডের একটি শেডে থাকা শ্যাফটের মাধ্যমে সুড়ঙ্গটির শুরু। শ্যাফটি খুলে সুড়ঙ্গে প্রবেশ করে ৩৮ ফুট নামলে বুলেটপ্রুফ দরজাটি চোখে পড়বে। সুড়ঙ্গটির ভেতরে হামাসের একটি কমান্ড সেন্টার, অস্ত্র-গোলাবারুদ ও সামরিক প্রযুক্তিগত সরঞ্জামের মজুত রয়েছে।’
‘গাজায় হামাসের যে সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে, তার সঙ্গে এটি যুক্ত। তাই এই সুড়ঙ্গটি দিয়ে হামাসের অন্যান্য ভূগর্ভস্থ কমান্ড সেন্টারেও যাওয়া যায়।’
এই ধরনের বুলেটপ্রুফ দরজার মাধ্যমে হামাস ইসরায়েলি বাহিনীকে সংগঠনের সদর দপ্তর এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গে প্রবেশ করতে বাধা দিত বলে জানায় আইডিএফ।
আইডিএফ আরও জানায় যে, “এই ভিডিও ও অনুসন্ধানগুলি প্রমাণ করে যে গাজার হাসপাতালগুলো সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবকাঠামো হিসাবে ব্যবহৃত করে আসছে হামাস। এছাড়া এতে আরও প্রমাণ যে হামাস গাজা উপত্যকার বাসিন্দাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।”
তবে হামাস ও আল শিফার চিকিৎসকরা শুরু থেকেই হাসপাতালের নিচে সুড়ঙ্গ ও হামাসের কমান্ড থাকার কথা অস্বীকার করে আসছে।