'পারফেক্ট ১০ টু বিগ ০'

ঘরের মাঠে বিশ্বকাপ। যেমন ছন্দে থাকার কথা তেমনই ছিল তারা। দুর্বার গতিতে ছুটছিল রোহিত শর্মার দল। টানা ১০ ম্যাচ জিতে জায়গা করে নিয়েছিল ফাইনালে। উড়তে থাকা দলটিকে মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতে নিল প্যাট কামিন্সের দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিং নিয়ে রোহিত শর্মার দলকে ২৪০ রানে গুটিয়ে দেয় তারা। ট্রাভিস হেডের সেঞ্চুরি ও মারনাস লাবুশেনের ফিফটিতে জয় তুলে নেয় অজিরা ৪২ বল বাকি থাকতে।

১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামটি এদিন কানায় কানায় পরিপূর্ণ ছিল ভারতীয় সমর্থকে। তাদেরকে একেবারেই নিশ্চুপ করে দিয়ে শিরোপা উল্লাস করল অস্ট্রেলিয়া।

ভারতের এমন হার নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে চলছে কাটাছেঁড়া। দারুণ ছন্দে থাকা দলের এভাবে পতন নিয়ে তারা জানিয়েছে তুলে ধরেছে নিজেদের প্রতিক্রিয়া।

ভারতের পরাজয় ও অস্ট্রেলিয়া হার নিয়ে হিন্দুস্তান টাইমস তাদের হেডিং দিয়েছে, 'চ্যাম্পিয়নস, অথচ'। দা টেলিগ্রাফ লিখেছে, 'দুর্ভাগ্য, না! ক্যাঙ্গারুল'। আনন্দবাজার পত্রিকা লিখেছে, 'আবার অপেক্ষা'। সংবাদ প্রতিদিন পত্রিকার হেডলাইন, 'তীরে এসে ডুবল তরী'। টাইমস অব ইন্ডিয়ার প্রতিক্রিয়া এমন, 'অস্ট্রেলিয়ার মাথায় মুকুট, আমাদের হিরোদের হৃদয় ভঙ্গ'।

MixCollage-20-Nov-2023-02-23-PM-1577

টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে এসে ভারতের হারকে মিড-ডে পত্রিকা লিখেছে, 'পারফেক্ট ১০ টু বিগ ০'। আজকাল পত্রিকার হেডলাইন এমন, 'ভাষাহারা ভারত'। একই পত্রিকায় আর দুটি প্রতিবেদনের হেড দেওয়া হয়েছে, 'স্বপ্নের সমাধি' ও 'ষষ্ঠবার কাপ অস্ট্রেলিয়ার'।