রাজধানীর খিলগাঁও গোড়ানে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সুমন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
আজ সোমবার (২০শে নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আনারুল ইসলাম জানান, গোড়ান ফায়ার সার্ভিসের অফিসের পাশে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রি কাজ করছিলেন। ভবনটির ৯ম তলায় মাচান বেঁধে ইটের গাঁথুনি করার সময় মাচান থেকে ভবনের নিচে পড়ে যায় সুমন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান।
সুমনের বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলার পুরুজাপাড়া গ্রামে। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।