সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রবিবার বিকালে ৯৬ বছর বয়সী সাবেক এই ফার্স্ট লেডির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিমি কার্টারের প্রতিষ্ঠান কার্টার সেন্টার। এ তথ্য জানিয়েছে বিবিসি।
কার্টার সেন্টার এক বিবৃতিতে জানায়, মৃত্যুর সময় রোজালিন তার পরিবারের সঙ্গে ছিলেন। গত মে মাসে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন রোজালিন। গত ফ্রেব্রুয়ারি থেকে জর্জিয়ার একটি সেবাদান কেন্দ্রে ৯৯ বছর বয়সী স্বামীর সঙ্গে ছিলেন রোজালিন।
জিমি কার্টার ও রোজালিন কার্টারের বিয়ে হয় ১৯৪৬ সালের ৭ জুলাই। সেসময় জিমি কার্টারের বয়স ছিল ২১ এবং রোজালিনের বয়স ছিল ১৮ বছর।
স্ত্রীর মৃত্যুর পর রোজালিন কার্টার সম্পর্কে জিমি কার্টার বলেন, ‘আমি যা কিছু করেছি তাতে রোজালিন আমার সমান অংশীদার ছিলেন। তিনি আমাকে নির্দেশনা এবং উৎসাহ দিয়েছেন। যতদিন রোজালিন পৃথিবীতে ছিলেন, আমি সবসময় জানতাম যে কেউ আমাকে ভালবাসে এবং সমর্থন করে’
গত জুলাই মাসে নিজেদের ৭৭তম বিবাহ বার্ষিকী উদ্যাপন করেছেন জিমি কার্টার ও রোজালিন কার্টার।২০১৯ সালে সবচেয়ে বেশি সময় ধরে বিবাহিত মার্কিন প্রেসিডেন্ট দম্পতি হওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন জিমি ও রোজালিন কার্টার।