মতিঝিলে ব্যাংকের স্টাফ বাসে আগুন

রাজধানীর মতিঝিলে একটি সরকারি ব্যাংকের কর্মী পরিবহনের এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পুলিশ বলছে, দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন করেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

মতিঝিল থানার পরির্দশক (তদন্ত) রাসেল হোসেন জানান, সোমবার আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলিতে দাড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কিন্তু স্থানীয়রা দ্রুত তা নিভিয়ে ফেলেন।

এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, বাসে আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।