ঋণ করে কেনা বাস আগুনে ছাই, দিশেহারা মালিক

‘ব্যাংক থেকে লোন নিয়ে ৬০ লাখ টাকা দিয়ে দুই থেকে আড়াই বছর আগে দুটি বাস কিনছিলাম। ভোরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা আমার বাসগুলো পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এখন আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। ব্যাংকের লোন কীভাবে শোধ করব, জানি না।’

নিজের দুটি বাস হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন বৃদ্ধ সিরাজুল ইসলাম। সিরাজুল পুড়ে যাওয়া শ্যামলী পরিবহন নামের দুটি বাসের মালিক। তার বাড়ি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার মাদারবাড়ি এলাকায়।

আজ সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মহাসড়কের সাতকানিয়ার মাদারবাড়ি মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ওই তিন বাসের মধ্যে দুটির মালিক হলেন সিরাজুল। তিনি জানান, গাড়ি দুটির আয় দিয়েই তার সংসার চলে, চিকিৎসার খরচ চলে। গতকাল রাতে বাস দুটি হালকা মেরামত করার পর চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু থেকে যাত্রী নিয়ে কেরানীহাট আসে। পরে রাত ১২টার দিকে মাদারবাড়ির মডেল মসজিদ এলাকায় বাস দুটি রেখে চালকেরা বাড়িতে চলে যান। আজ সোমবার ভোর পৌনে চারটার দিকে এক ব্যক্তি ফোন করে তাকে জানান, তার বাসে আগুন দিয়েছে কেউ। পরে সেখানে গিয়ে দেখেন, তিনটি বাস দাউ দাউ করে জ্বলছে। আর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। এ দেখে তার আর হুঁশ ছিল না।

এদিকে ঘটনার পরপরই সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানসহ থানা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দ্বিতীয় দিনে বাসে আগুন দেওয়ার এ ঘটনাকে নাশকতার অংশ বলে মনে করছে পুলিশ।