স্যাম অল্টম্যানকে ফিরিয়ে না আনলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন ওপেনএআই-এর কর্মীরা। একই সঙ্গে স্যামকে বহিস্কার করা ওপেনএআইর গোটা বোর্ডকে পদত্যাগের দাবি করেছেন তারা। দাবি না মানলে তারা স্যামের সঙ্গে মাইক্রোসফটের নতুন এআই কর্মসূচিতে যোগ দেবেন বলেও হুঁশিয়ার করেছেন।
সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই’র ৭০০ কর্মীর মধ্যে ৫০৫ জন স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যানকে ফিরিয়ে আনার দাবি সংবলিত একটি চিঠি বোর্ডকে পাঠায়। চিঠিতে বেশ কড়া ভাষায় কর্মীরা বলেন, ‘অযোগ্য লোকদের জন্য কিংবা অযোগ্যদের সাথে কাজ করা সম্ভব নয়। এসব লোক আমাদের মিশন বোঝার জন্যও উপযুক্ত নয়।’
প্রযুক্তি বিষয়ক সাংবাদিক ওপেনএআই কর্মীদের পুরো চিঠিটি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট দিয়েন জানান, দাবি উত্থাপনকারীদের মধ্যে ওপেনএআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিয়া সুৎস্কেভারও আছেন। অথচ মজার ব্যাপার এই বিজ্ঞানী নিজেও অল্টম্যান ও ব্রকম্যানকে বহিষ্কার করা বোর্ডেও ছিলেন। তবে নিজের ভুল স্বীকার করে এখন সুৎস্কেভারও বাকী সহকর্মীদের সঙ্গে সুর মিলিয়েছেন।
ওপেনএআই কর্মীদের এই চিঠির মাত্র কয়েক ঘণ্টা আগে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ও চ্যাটজিপিটি উদ্ভাবনকারী ওপেনএআই থেকে বহিস্কৃত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে নিযুক্ত করার কথা ঘোষণা করে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। সোমবার মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা জানান, স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন।
এদিকে এই ঘোষণার পর ওপেনএআই’র নতুন সিইও পদে আরেক প্রযুক্তিবিদ এমেট শিয়ারকে নিয়োগ দেওয়ার খবর প্রকাশিত হয়। এমেট নিজেও অবশ্য বলেছেন, যেভাবে স্যাম অল্টম্যানকে বহিষ্কার করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং বাজে উদাহরণ।