গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতাল, থাকছে ৫০ চিকিৎসক

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপনে প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে জর্ডান।

সোমবার (২০ নভেম্বর) ফিলিস্তিনের এক কর্মকর্তা জানিয়েছেন, মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজায় কোনো ফিল্ড হাসপাতাল স্থাপনের সামগ্রী আসছে। খবর আল জাজিরার।

গাজার হাসপাতালগুলোর মহাপরিচালক মোহাম্মদ জাকুত বলেছেন, জর্ডানের পাঠানো এসব সামগ্রী দিয়ে দক্ষিণের খান ইউনিসে হাসপাতাল স্থাপন করা হবে।

অপরদিকে জর্ডানের সরকারি কর্মকর্তারা আরব নিউজকে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালটি তৈরি সম্পন্ন হবে। এতে ৪০টিরও বেশি শয্যা থাকবে। আর হাসপাতালটি পরিচালনা করার জন্য দুই দিনের মধ্যে ৫০ জন চিকিৎসক সেখানে পৌঁছাবেন।

প্রসঙ্গত, বর্তমানে গাজার হাসপাতালগুলোয় বিপর্যয়কর পরিস্থিতি চলছে। ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে আহত হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য আসছে। কিন্তু চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।