অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। তবে ঘোষিত তফসিল অনুযায়ী প্রস্তুতির সময় কম বিবেচনায় তারা তফসিল পুনর্বিন্যাসের জন্যও কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে নেতারা।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির এসব সিদ্ধান্তের কথা জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি বলেন, ইসলামী ঐক্যজোট নির্বাচনমুখী সংগঠন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ইসলামী ঐক্যজোট নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছে, তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। তাই ইসলামী ঐক্যজোটের মজলিসের শূরা বিগত সময়ের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দলটির মহাসচিব আরও বলেন, ইসলামী ঐক্যজোট মুফতি আমিনীর চেতনা লালন করে সব সময় স্বাধীনভাবে দেশ ও ইসলামের স্বার্থে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কারও অন্ধ অনুসরণ ও লেজুড়বৃত্তিতে ইসলামী ঐক্যজোট বিশ্বাসী নয়।
তফসিলের সময় পুনর্নির্ধারণের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই স্বল্পসময়ের ভেতর প্রার্থীদের নির্বাচনী যাবতীয় প্রস্তুতি নেওয়া বেশ কঠিন হবে।’