মধ্যরাতে শেরপুরে দুই ট্রাকে আগুন

বগুড়ার শেরপুরে মহাসড়কের দশমাইল এলাকায় দুটি ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। এর আগে রোববার (১৯ নভেম্বর) রাতে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুফপুর এলাকায় একটি ট্রাকে এবং রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় একটি খড়বোঝাই নসিমনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাহালু উপজেলা থেকে একটি ট্রাকে মাটি ভর্তি করে ঢাকার পথে এবং আরেকটি ট্রাক জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিল।

মাটিবাহী ট্রাকের চালক আফজাল হোসেন জানান, দশমাইল এলাকায় কয়েকজন যুবক ট্রাকের গতিরোধ করে। এরপর পেট্রোল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাক দুটির সামনের অংশ কিছুটা পুড়ে গেছে।

এ বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, দুটি ট্রাকে কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।