১৯ নভেম্বর ছিল বিশ্ব টয়লেট দিবস। দিনটিকে একটু অন্যভাবে পালন করলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোজা ম্যানহোল দিয়ে নেমে ভূগর্ভস্থ সুয়্যারেজ ড্রেনগুলোতে হেঁটে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঘুরে দেখলেন তিনি। নিজের এই ম্যানহোল ভ্রমণের ভিডিও তিনি গতকাল পোস্ট করেন নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে।
ড্রেনে ঘুরে কৌতুহল আরও বেড়ে যাওয়ায় সেখানকার পয়ঃনিষ্কাশন জাদুঘরও পরিদর্শন করেন বিশ্বের শীর্ষস্থানীয় এই ধনী।
এরপর বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করেন বিল গেটস। এই বিশেষজ্ঞরা ব্রাসেলসের ২০০ মাইল দীর্ঘ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে।
ইন্সটাগ্রাম ফলোয়ারদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিল গেটস বলেন, ‘আমি ব্রাসেলসের পয়ঃনিষ্কাশনের লুকানো ইতিহাস দেখে আসলাম। আরও জানলাম কিভাবে বর্জ্যপানি ব্যবস্থাপনা করছে তারা। কারণ বৈশ্বিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পয়ঃনিষ্কাশন। ১৮০০ সালের দিকে ব্রাসেলসের সব ময়লাপানি সরাসরি ফেলা হতো সিন নদীতে। যা ভয়াবহ কলেরা মহামারির জন্ম দিয়েছিল। কিন্তু এখন বিশাল এই পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ব্রাসেলসের নোংরা পানিকে চমৎকার উপায়ে নিয়ন্ত্রণ করছে।’
সাম্প্রতিক বছরগুলোতে স্যানিটেশন নিয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে নানা প্রচারণায় অংশ নিচ্ছেন মানবহিতৈষী সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এই সহ-প্রতিষ্ঠাতা। বিশেষ করে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় বাড়তি জোর দিচ্ছেন বিল গেটস।