দুর্নীতিবাজরা ক্ষমতায় আসুক সেটা চায় না দুদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ বিজয়ী হয়ে নেতৃত্বে আসুক এমনটা দুদক চায় না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, দুর্নীতিবাজরা নেতৃত্বে আসুক সেটা আমরাও চাই না। তবে নির্বাচনকে সামনে রেখে  আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে করে নির্বাচন বাধা গ্রস্থ হয়।

 মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক কার্যালয়ে সেমিনার কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি হয়। আপনারা দেখবেন দুর্নীতিবাজ, দুর্নীতির সাহায্যকারী, দুর্নীতিবাজদের অফিসে চাকরি করে যারা, যারা সহায়তা করে দুর্নীতির সুবিধাভোগী তার বিপরীতে আমরা কতজন? এতো বড় একটা শ্রেণির বিরুদ্ধে শুধুমাত্র দুদক দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব হবে বলে আমি মনে করি। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এগুলোকে এড্রেস করেই আমাদেরকে এগুতে হবে।

নির্বাচন সামনে রেখে দুদকের কোনো প্রস্তুতি আছে কি না সাংবদিকদের এমন প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, আমি তো মনে করি নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে আমাদের এমন কোনো কাজ করা উচিত হবে না। অতীতে যেভাবে হয়েছে, আরপিও ও দুদক আইনে যা আছে আমরা সেভাবেই কাজ করবো। আপনদের মতো আমরাও চাই দুর্নীতিবাজরা ক্ষমতায় না আসুক।