ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সংগঠনটি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসমাইল হানিয়া টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন তারা কাতারের মধ্যস্থতাকারীদের নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন। যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিবরি বলেন, আমাদের বিশ্বাস আমরা কাছাকাছি আসছি। এ নিয়ে তারা ঘণ্টার পর ঘণ্টা কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন। এর আগে কিবরি বলেছিলেন মধ্যস্থতাকারীরা নারী, শিশু ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্তির বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন। চুক্তি সন্নিকটে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।
গত ০৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর তুলে নেওয়া জিম্মিদের মুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে কাতারসহ বিভিন্ন পক্ষ। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের সবশেষ বিবৃতির প্রেক্ষিতে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। তবে এই চুক্তিতে সবুজ সংকেত রয়েছে দেশটির এমনটাই জানা গেছে।