বেরোবিতে রাত ৯টার পর জমায়েত-খেলাধুলা বন্ধ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাত ৯টার পর সব ধরনের খেলাধুলা ও অনুষ্ঠানসহ যেকোন ধরনের জমায়েত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধে ক্যাম্পাসের অভ্যন্তরে রাত ৯টার পর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত সব ধরনের বহিরাঙ্গন কার্যক্রমসহ (খেলাধুলা ও অনুষ্ঠানাদি) যেকোন ধরনের জমায়েত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হল।

এই আদেশ মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সম্পর্কে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সকল ধরনের যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।