সোমালিয়ায় আকস্মিক বন্যায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যূত হয়েছে প্রায় সাত লাখ মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মোহাম্মদ আবদুল্লাহি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ আবদুল্লাহি বলেন, দুর্যোগে ৫০ জন মারা গেছে। ছয় লাখ ৮৭ হাজার ২৩৫ জন তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে বন্যা মারাত্মক আকার ধারণ করবে যা আরো মৃত্যু ও ধসের কারণ হবে।
সংশ্লিষ্টরা জানান, এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। ইতোমধ্যে বড় আকারের বাস্তুচ্যুতির সৃষ্টি হয়েছে।
এছাড়াও দেশটির সড়ক, সেতু ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির নিচে তলিয়ে আছে অনেকগুলো আবাসিক এলাকা। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে পণ্য সরবরাহের কাজ। ফলে নিত্যপণ্যের দাম বাড়ছে।