হেলাল আহমেদ চৌধুরী বিএ এক্সপ্রেস ইউএসএ আইএনসি-এর চেয়ারম্যান নির্বাচিত

ব্যাংক এশিয়া লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হেলাল আহমেদ চৌধুরী সম্প্রতি ব্যাংকের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সপ্রেস ইউএসএ আইএনসি-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি একজন সুপরিচিত ব্যাংকার যার প্রায় সাড়ে চার দশকের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি সুপারিওর সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৭৭ সালে পূবালী ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (২০০৬-২০১৪) পদে উন্নীত হন যা তার পেশাগত জীবনের একটি অন্যতম রেকর্ড।

তিনি তার চাকরিকালীন সময়ে মধ্যপ্রাচ্য, সুদূরপ্রাচ্য, পশ্চিম ও পূর্বপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সফলভাবে উদ্বুদ্ধ করে বৈদেশিক রেমিট্যান্স প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিদেশী এক্সচেঞ্জ হাউসের সাথে ব্যাপক যোগাযোগের প্রেক্ষিতে তাদের মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে রেমিট্যান্স আনয়ন করতে সক্ষম হন। তিনি এফবিসিসিআই-এর বিভিন্ন বাণিজ্য প্রতিনিধি দলে যোগ দেন।

তার গতিশীল নেতৃত্বে পূবালী ব্যাংক সরকারি থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়ে একটি প্রাতিষ্ঠানিক রোল মডেলে পরিণত হয় এবং ২০০৯ সালে ডিএইচএল এবং দ্য ডেইলি স্টার প্রদত্ত দেশের মর্যাদাপূর্ণ পুরস্কার "বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট" লাভ করে।

তিনি একজন এমএ এবং আইবিবির একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং মার্কিন যুক্তরাষ্টে্রর ইউসি বার্কলে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনার, সংক্ষিপ্ত এবং দীর্ঘমেয়াদী কোর্সে অংশগ্রহণ করেন।

চৌধুরী বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর একজন সুপারনিউমারি অধ্যাপক ও একজন বোর্ড সদস্য এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর বোর্ড সদস্য ও ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি পিকেএসপি এর একজন পরিচালনা পর্ষদ সদস্য এবং আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের একজন সদস্য।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও বাণিজ্য সংস্থার সাথে জড়িত এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ/সেমিনারে রিসোর্স পারসন হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত নিবন্ধ লিখছেন।