সাবেক মেয়র আরিফের বাসায় হাতবোমা বিস্ফোরণ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন  সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি বলেন, তিনটি হাতবোমা ছুড়লে দুটি বিস্ফোরিত হয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে। 

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, কালো কোট ও সাদা গেঞ্জি পরা দুই যুবক গলির ভেতর থেকে এসে বাসার প্রধান ফটকে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ওই দুই যুবক পালিয়ে যান। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, 'আমি কাজে আমার খামারে ছিলাম, রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী ফোন করে বলেন বাসায় ককটেল ছোড়া হচ্ছে। পরে আমি বাসায় এসেছি'।

আরিফুল বলেন, 'আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রীতির শহরে এসব বিষয় কাম্য নয়। ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির শহরে এসব বিষয় ছিল না'।