নরসিংদীর শিবপুরের আওয়ামী লীগের সভাপতি হত্যা মামলার আসামীকে নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করায় এমপি নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূঞা মোহনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ খান হত্যার ঘটনায় এমপি মোহন ও তার ভাই জুনোকে দায়ী করেছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে শিবপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে আওয়ামী লীগের সভাপতি’র হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।
জানা যায়, নরসিংদী-৩ শিবপুর আসনের বর্তমান এমপি জহিরুল হক ভূঞা মোহন রোববার আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ওই সময় তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ খান হত্যা মামলার ৪নং এজাহার ভুক্ত আসামী শাকিল এমপির সঙ্গে ছিলেন। এরই জেরে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান। পরে দেশে ও দেশের বাইরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩১ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।