‘জওয়ান’ এর নতুন রেকর্ড

বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েও থামেনি শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জাওয়ান’। প্রেক্ষাগৃহের পর এবার দাপট দেখালো অন্তর্জালেও। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর সর্বোচ্চ ভিউর রেকর্ড গড়েছে, তাও মাত্র দুই সপ্তাহে।

গত ২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘জওয়ান’র এক্সটেন্ডেড ভার্সন। এর পরই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। যার ফলে এটিই এখন নেটফ্লিক্সে ভারতের সবচেয়ে বেশি ভিউ হওয়া ছবি। 

মঙ্গলবার (২১ নভেম্বর) এক বার্তায় বিষয়টি জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। তাদের বার্তায় বলা হয়েছে, বিক্রম রাঠোর (ছবিতে শাহরুখের চরিত্রের নাম) আমাদের হৃদয় ও রেকর্ড হাইজ্যাক করে ফেলেছে। সব ভাষার ছবির মধ্যে ‘জওয়ান’ এখন ভারতে সবচেয়ে বেশি দেখা ছবি, তাও মুক্তির কেবল দুই সপ্তাহের মধ্যে।

এমন খবরে আনন্দিত শাহরুখ খান নিজেও। বলিউড বাদশাহ বলেন, এই খবরটা জানাতে পেরে আমি রোমাঞ্চিত। ছবিটির প্রতি দর্শকের অসামান্য ভালোবাসার বিপরীতে কৃতজ্ঞতাস্বরূপ আমরা ‘জওয়ান’র এক্সটেন্ডেড ভার্সন মুক্তি দিয়েছি। নেটফ্লিক্স থেকে দর্শকের যে সাড়া পেয়েছি, সেটা আমাদের ভারতীয় সিনেমার শক্তিকেই পুনরায় প্রমাণ করে। এই সাফল্যে আমি গর্বিত।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। এছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত প্রমুখকে। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি বিশ্বব্যাপী প্রায় সাড়ে ১১শ কোটি রুপি কালেকশন করেছে।

এদিকে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের নতুন সিনেমা ‘ডাঙ্কি’। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।