দ্বন্দ্ব মিটিয়ে নতুন সিনেমায় করণ জোহর-কার্তিক

বছর দুয়েক আগে হঠাৎ করেই ‘দোস্তানা ২’ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক আরিয়ানকে। শোনা গিয়েছিল কার্তিক নাকি বেশি টাকা চেয়েছিলেন। এরপর সিনেমাটিই স্থগিত করে দেওয়া হয়। তবে সব ঝামেলা মিটিয়ে এবার ধর্মা প্রোডাকশনের নতুন ছবির নায়ক হতে যাচ্ছেন কার্তিক।
 
তবে করণ আর কার্তিকের মান-অভিমানের বরফ গলার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি ইন্সটায় একটি পোস্ট শেয়ার করেন করণ জোহর। জানান দেন নতুন ছবির। যার প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মস। পরিচালনা করবেন সন্দীপ মোদী। আপাতত শুধু কার্তিক আরিয়ানের নামই সামনে এসেছে। সিনেমার নাম বা আর কে কে থাকছেন এই ছবিতে, তা জানানো বাকি। ২০২৫ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

ছবির ঘোষণা করে করণ ক্যাপশনে লিখেন, ‘বিশেষ দিন কিছু বিশেষ খবর দিয়ে শুরু করছি!! অসাধারণ প্রতিভাবান সন্দীপ মোদী দ্বারা পরিচালিত একটি সিনেমা আসছে। যা যৌথভাবে প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মস। ঘোষণা করতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত। ২০২৫ সালের ১৫ আগস্ট সিনেমা হলে আসতে চলা এই সিনেমার জন্য আমরা মুখ্য চরিত্রে নিয়েছি সর্বোচ্চ প্রতিভাবান কার্তিক আরিয়ানকে। এই ঘোষণা করতে পেরে আমি ভীষণ আনন্দিত। কার্তিক, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের এই একসঙ্গে পথচলা যেন আরও শক্তিশালী হয় এবং কখনই বড় পর্দায় জাদু তৈরি করা বন্ধ না করে কখনও।’

‘দোস্তানা ২’ থেকে বাদ পড়ার কারণ কার্তিক একবার জানিয়েছিলেন, ‘এমনটা কখনও কখনও ঘটে। এটা নিয়ে আগে কখনও কথা বলিনি। আসলে আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি, এগুলো আমার মূল্যবোধ। যখন দু’জন মানুষের মধ্যে কোনও ঝামেলা হয় আমার মনে হয় সেটা নিয়ে বয়সে ছোট ব্যক্তির প্রকাশ্যে কথা বলা ঠিক নয়। আমি সেটাই মেনে চলেছি।’

তবে বেশি টাকা নেওয়ার কথা মানতে চাননি কার্তিক আরিয়ান। চিত্রনাট্য পছন্দ না হওয়াতেই বেকে বসেছিলেন, এমনটাই দাবি করেন।