৪৫ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: ই-পেমেন্ট সেবায় পদার্পণ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৪ বছর পেরিয়ে ৪৫তম বছরে পদার্পণ করেছে। ৪৪ বছরে অ্যানালগ পদ্ধতিতে চলেছে শিক্ষা ক্ষেত্রের সকল কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ই-পেমেন্ট সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ঘরে বসেই পরীক্ষা সংশ্লিষ্ট ফি ব্যাংকে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।

জানা যায়, ই-পেমেন্ট পদ্ধতি চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পুনঃভর্তি, একাডেমিক, হল, পরিবহন ও কাগজপত্র উত্তোলনসহ সকল ধরনের ফি অনলাইনে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। এ সকল কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। অগ্রণী ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।

এদিকে ৪৫তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। এদিন সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা এবং আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। 

এরপর প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক ঘুরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল’ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ৪৫তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এ সময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে স্টুডেন্টস ই-পেমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। স্টুডেন্টস ই-পেমেন্ট কার্যক্রমের উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘৪৪ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক ব্যর্থতা আছে আবার অনেক সফলতাও আছে। তবে আমাদের উন্নয়ন হচ্ছে। আমি বিশ্বাস করি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এর ব্যাপক পরিবর্তন সাধিত হবে। দশ বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিলেন তখন এটি আমাদের কাছে একটি অকল্পনীয় বিষয় ছিল। আমাদের মাঝে এটা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু এখন এটা বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন তিনি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রায় প্রত্যেকটি দাবিতে আমরা কাজ করার চেষ্টা করি, করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো। তারই ধারাবাহিকতায় আজকের এই শুভ দিনে আমরা যে কাজটি করতে যাচ্ছি (ই-পেমেন্ট) তা হলো স্মার্ট বাংলাদেশে এক ধাপ পা বাড়িয়ে দেওয়া। এগুলো তো একটা দিক আর সবচেয়ে পরিবর্তনের জায়গাটা হচ্ছে এই মনের জায়গাটা। মনকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি। তাহলে একটা বিশ্ববিদ্যালয়কে বা একটি প্রতিষ্ঠানকে পরিচালনার যে দর্শন তা অর্জন করতে পারবো।’