ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়ার নাতি নিহত

এবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার নাতি। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল কুদস মঙ্গলবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

দশদিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার নাতনি রোয়া হানিয়া নিহত হন। এবার হানিয়ার বড় নাতি জামাল মুহাম্মদ হানিয়ার নিহতের সংবাদ পাওয়া গেল। জানা যায় জামাল পেশায় একজন সাংবাদিক ছিলেন। নাতি বা নাতনি কারো মৃত্যুতেই কোন মন্তব্য করেনি ইসমাইল হানিয়া বা তার সংগঠন হামাস।   

ইতিমধ্যে হামাস ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসের হাতে জিম্মি ৫০ ইসরায়েলির মুক্তির বিপরীতে ৪ দিনের এ যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহতের পর কিছু সময়ের জন্য স্বস্তি পাবে  বেসামরিক ফিলিস্তিনিরা। যদিও বিরতির আগে হামলা জোরদার করেছে ইসরায়েলী বাহিনী।