৩৮ দাঁতের ভারতীয় নারীর নাম উঠলো গিনেস বুকে

সাধারণত পূর্ণবয়স্ক মানুষের ৩২ টি দাঁত থাকে। কিন্তু ২৬ বছর বয়সী ভারতীয় নারী কল্পনা বালানের রয়েছে ৩৮টি দাঁত! আর কারণে কল্পনার নাম উঠলো বিশ্বের অদ্ভুত সব বিষয়ের রেকর্ড রাখা গিনেস বুকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে ৬ অতিরিক্ত দাঁতের মালিকের গল্প।

প্রতিবেদনে বলা হয়, কৈশোর থেকেই কল্পনা বালানের দাঁত ছিল ৩২ টি। বয়স বাড়ার সঙ্গে কল্পনা বালানের নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত গজায়।

কল্পনা জানান, অতিরিক্ত দাঁতের জন্য কোনও ব্যথা অনুভব না হলেও খাবার খাওয়ার সময় অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময়ই ভেতরের দাঁতে খাবার আটকে যায়। তখন শুরু হয় ভোগান্তি।

কল্পনার পরিবার ছোটবেলায় তার অতিরিক্ত অপসারণ করতে চাইলেও চিকিৎসক তাকে বড় হওয়ার জন্য অপেক্ষা করতে বলেন। এদিকে অস্ত্রপোচারের ভয়ে পরবর্তীতে কল্পনা আর দাঁত অপসারণ করেননি।

এবার এসব অতিরিক্ত দাঁতের কারণে গিনেস বুকে নাম ওঠায় বেশ খুশি কল্পনা। তিনি বলেন, ‘ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে ভীষণ খুশি আমি। এটা আমার জীবনের বড় অর্জনও বটে।’

এনডিটিভি বলছে, কল্পনার রেকর্ড গড়ার সম্ভাবনা সামনেও থাকছে। কারণ এখনো তার চোয়ালে আরও দু’টি দাঁত গজানোর জায়গা খালিই আছে।