স্ত্রীকে দেনমোহর না দেওয়ায় স্বামীকে জরিমানা

পাকিস্তানের ইসলামাবাদে স্ত্রীকে দেনমোহরের অর্থ পরিশোধ না করায় এক ব্যক্তিকে এক লাখ রুপি জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। আদালত ওই ব্যক্তিকে এক মাসের মধ্যে দেনমোহরের অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শুনানির শুরুতে প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ঈসা রিট আবেদনকারীর আইনজীবীকে বলেন, তার মক্কেল তার স্ত্রীকে পাঁচ লাখ রুপি দেনমোহর পরিশোধ করেননি।

তিনি আরো জানতে চান, নারীর অধিকার থাকা সত্ত্বেও কেন অর্থ পরিশোধ করা হয়নি? এরপরই আদালত বলেন, এখন রিট আবেদনকারীকে ১০ লাখ রুপি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলা দায়ের না হয়।

ওই ব্যক্তির আইনজীবী জানান, তারা মামলা প্রত্যাহারে বেঞ্চের কাছে অনুমতি চান। কিন্তু আদালত তা দিতে অস্বীকার করেন। কারণ বিয়ের ছয় বছরেও দেনমোহরের অর্থ পরিশোধ না করায় ওই নারী মামলা করেন।