দুনিয়ার সব মানুষই পাগল : চরমোনাই পীর 

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দুনিয়ার সব মানুষই পাগল। কেউ পদ-পদবীর জন্য পাগল, কেউ এমপি-মন্ত্রী হওয়ার পাগল, কিন্তু একদল আছে মাওলা পাকের পাগল। চরমোনাই মাহফিল মূলত মানুষকে মাওলা পাকের পাগল বানিয়ে ছেড়ে দেয়। এতে মানুষ দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে দ্বীনের অনুগত হয়ে যায়। এজন্য আমাদের সবাইকে দুনিয়ার হাকিকত সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। সবাইকে চিন্তা করতে হবে’। 

আজ বুধবার বাদ জোহর মুসল্লিদের অংশগ্রহণে চরমোনাই ময়দানে শততম বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় তিনি আরো বলেন, চরমোনাইতে লোক ভারী করার দরকার নেই। যারা চরমোনাইর লেবেল ব্যবহার করে দুনিয়াবী উদ্দেশ্য হাসিল করতে চায় তারা মূলত চরমোনাইর মুরীদ নয়, এরা ধান্দাবাজ। কেউ নির্বাচন এলে দুনিয়াবী নেতা-নেত্রীদের খুশী করার জন্য বলে যে, এই দুইমাস আমি চরমোনাইর মুরিদ না। এরা মূলত এই দরবারকে হাসি-তামাশার খোরাক বানাতে চায়। এদের চরমোনাইর মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। 

এদিকে, মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য ৪০ জন অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক ৫টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। আর মাহফিলের দ্বিতীয় দিন সকাল ১০টায় মঞ্চে জাতীয় ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা আছে। অপরদিকে ২৫ নভেম্বর শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। 

মাহফিলে মূল সাতটি বয়ান করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।