চার ক্রীড়াবিদ ও সংগঠককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার ও কোচ প্রয়াত আহসান উল্লাহ মন্টুসহ চার ক্রীড়াবিদ ও সংগঠককে ৫৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আর্থিক সহায়তা বিষয়ক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আহসান উল্লাহ মন্টু ছাড়াও বাকি তিনজন হলেন সাবেক ফুটবলার শহিদুল আহমেদ রঞ্জন, ক্রীড়া সংগঠক রাফিউস সামান প্যাডী ও অ্যাথলেট মোসা: হালিমা আহমেদ। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হালিমা আহমেদের চিকিৎসা বাবদ ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় দলের সাবেক ফুটবলার প্রয়াত মো: আহসান উল্লাহ মন্টুর পরিবারের ভরণপোষণের জন্য ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্রের অনুমোদন দেয়া হয়েছে। ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র পাচ্ছেন সাবেক ফুটবলার শহীদুল আহমেদ রঞ্জন। পরিবারের ভরণপোষণের জন্য এই অর্থ পাচ্ছেন তিনি। এছাড়াও, দীর্ঘদিনধরে অসুস্থ থাকা বাংলাদেশের স্বনামধন্য ক্রীড়া সংগঠক রাফিউস সামাদ প্যাডীর চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী। 

দ্রুতই এই সহায়তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংশ্লিষ্টদের হাতে তুলে দেবেন বলে নিশ্চিত করেছেন পুরো বিষয়ের সমন্বয়কারী রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার। তিনি জানান, ক্রীড়াঙ্গণে দু:স্থ ক্রীড়াবীদ ও সংগঠকদের বিভিন্ন সময় আর্থিক সহায়তা প্রদান করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারবাহিকতায় এই চার ক্রীড়াবিদ ও সংগঠককে সহায়তা প্রদান করা হচ্ছে।