২১ মাসে ১১ বছরের সমান উড়েছে ২০০ সেলিব্রেটির প্রাইভেট জেট!  

বিশ্বজুড়ে দেখা দিচ্ছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রার রেকর্ড ভাঙছে বিশ্বের নানা প্রান্তে। অন্যদিকে কোনো এলাকায় দেখা দিচ্ছে খরা, দাবানল আবার অতি বৃষ্টিতে দেখা দিচ্ছে বন্যা, হিমবাহের বরফ গলে বাড়ছে সমুদ্রের পানি। এসবই বলে দিচ্ছে জলবায়ু পরিবর্তন কতটা প্রকট হয়ে উঠছে। আর এই জলবায়ু পরিবর্তনে প্রত্যক্ষ ভূমিকা রাখছে ধনীদের উচ্চ মাত্রার কার্বন নির্গমন। তবু যেন তাদের টনক নড়ছে না।

সম্প্রতি গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, বিশ্বের জনপ্রিয় ২০০জন সেলিব্রেটি, সিইও ও ধনকুবেরদের ব্যক্তিগত উড়োজাহাজ গত ২১ মাসে ১১ বছরের সমান আকাশে উড়েছে। এই সময়ের মধ্যে তাঁরা বিভিন্ন গন্তব্যে ৪৪ হাজার ৭৩৯ বার যাতায়াত করেছেন। এর ফলে বাতাসে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে তা ৪০ হাজার ব্রিটিশদের সম্মিলিত কার্বন নিঃসরণের সমান।

গত ২১ মাস ধরে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, রক ব্যান্ড রোলিং স্টোনস, মিডিয়া সাম্রাজ্যের মালিক মারডক পরিবার ও মডেল কাইলি জেনারসহ ২০০ সেলিব্রেটি ও ব্যবসায়ীদের ব্যক্তিগত উড়োজাহাজের ফ্লাইটগুলো ট্র্যাক করতে পাবলিক ডেটা ব্যবহার করেছে দ্য গার্ডিয়ান। পরিসংখ্যানে দেখা গেছে, এসব সেলিব্রেটিদের প্রায় ৩০০টি ব্যক্তিগত উড়োজাহাজ আনুমানিক ৪ লাখ ১৫ হাজার ৫১৮ টন কার্বন ডাই অক্সাইড নির্গত করেছে।  দ্য গার্ডিয়ানের অনুসন্ধানের তালিকায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেলর সুইফটের ব্যক্তিগত উড়োজাহাজও ছিল। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত টেলর সুইফট গড়ে ১৯বার ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করেছেন। এ নিয়ে সমালোচিত হওয়ার পর তিনি ব্যক্তিগত উড়োজাহাজে চলাচল কমিয়ে দেন।

সংবাদমাধ্যমটির অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, সবচেয়ে দূষণকারী উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে রোলিং স্টোনসের মালিকানাধীন বোয়িং ৭৬৭ ওয়াইড বডি উড়োজাহাজ। এটি আনুমানিক ৫ হাজার ৩৬ টন কার্বন ডাই অক্সাইড নির্গত করেছে। এই কার্বন ফুটপ্রিন্ট একজন ব্যক্তির ১ হাজার ৭৬৩ বার লন্ডন থেকে নিউইয়র্ক যাতায়াতের সমান।

২০২২ সালে অ্যাস্টন মার্টিন ফর্মুলা ওয়ান টিমের মালিক লরেন্স স্ট্রলের ব্যক্তিগত উড়োজাহাজ ১ হাজার ৫১২বার আকাশে উড়েছে। এ ছাড়া তার ব্যক্তিগত দুটি হেলিকপ্টার দিয়ে ১৫ মিনিট বা তার কম সময়ের মধ্যে সর্বাধিক ভ্রমণ করা হয়েছে।

এ ছাড়া গত ২১ মাসে ৩০ জন রুশ ধনকুবেরের ৩৯টি ব্যক্তিগত উড়োজাহাজ ৩০ হাজার ৭০১ টন কার্বন ডাই অক্সাইড নির্গত করেছে। এই ধনকুবেরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রোমান আব্রামোভিচ, লিওনিদ মিখাইলসন এবং সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির সময় থেকেই ব্যক্তিগত উড়োজাহাজের ব্যবহার হুট করেই বেড়ে গেছে। ইউরোপে ২০০৭ সালের পর গত বছর সবচেয়ে বেশি ব্যক্তিগত উড়োজাহাজ উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এ বছর ব্যক্তিগত উড়োজাহাজ বিক্রির পরিমাণ আগের রেকর্ডগুলো ছাড়িয়ে যেতে পারে।

তবে গার্ডিয়ান জানায়, সেলিব্রেটিদের এমন দায়িত্বজ্ঞানহীন কার্বন নিঃসরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও কেউ এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।