বাবার সঙ্গে একই আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী মায়ার ছেলে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। একই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

বাবা-ছেলে ছাড়াও এই আসন থেকে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলসহ আরও ১০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, নিজেদের পরিবারের মধ্যে মনোনয়ন নিশ্চিত করার জন্য এই কৌশল নেওয়া হয়েছে। এর আগে ১৯৯৬ সংসদ সদস্য ও ২০১৪ সালে সংসদ সদস্য এবং ত্রাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

দলীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) ও তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

মতলব পৌরসভা মেয়র ও মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন বলেন, বৃহত্তর মতলবের উন্নয়নে মায়া ভাইয়ের অবদান মতলববাসী আজীবন স্মরণ করবে। তিনি এই জনপদের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুগ যুগ ধরে কাজ করে আসছেন। মতলবের মানুষ আবারো তাকে এই জনপদের দায়িত্বে দেখতে চায়। তার সুযোগ্য উত্তরসূরী দিপু চৌধুরী মতলববাসীর সেবা করে আস্থা অর্জন করেছেন। তাদের হাত ধরে মতলবে আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ ও সুসংহত হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দীপু চৌধুরী বলেন, মূলত আমার বাবাই মনোনয়ন চেয়েছে। আমি বাবার সাথে সারাজীবন একসাথে কাজ করেছি এবং এলাকার উন্নয়নগুলোতে বাবার সাথে থেকে কাজ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাথে আমার ৩০ বছর ধরে সম্পর্ক। প্রত্যেকের সাথেই আমার নাড়ির টান আছে। এ জন্য আমিও দল থেকে মনোনয়ন চেয়েছি। নেত্রী যা ভালো মনে করেন তাই মাথা পেতে নেব।

এই আসনে আওয়ামী লীগের বাকি মনোনয়নপ্রত্যাশীরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান, যুবলীগের মহিলা সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী, বাংলাদেশ কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারী, রেল শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মো. লোকমান হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৮জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৩৪ এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৯৪ জন।