দুর্নীতির মামলা: মির্জা আব্বাসের রায় ৩০ নভেম্বর

১৬ বছরের বেশি সময় আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের রায় জানা যাবে আগামী ৩০ নভেম্বর।

মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে বুধবার (২২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম রায়ের জন্য এ তারিখ ধার্য করেন।

এদিন শুনানিতে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম। এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে গত ৩১ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

ওই দিন মির্জা আব্বাসের হাজিরা ও সাফাই সাক্ষ্যের জন্য ধার্য ছিল। একই দিন তাকে পুলিশের অস্ত্র ছিনতাই ও নাশকতার মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। পরে দুদকের এ মামলায় মির্জা আব্বাসকে ৫ নভেম্বর হাজির করে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সাত কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৮ সালের মে মাসে অভিযোগপত্র দেয় দুদক। ওই বছরের জুনে অভিযোগপত্র বিচারের জন্য গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেয় সংশ্লিষ্ট আদালত।

এ মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। মির্জা আব্বাসের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তিনিসহ পাঁচজন। দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম দেশ রূপান্তরকে বলেন, ‘আজ যুক্তিতর্কের শুনানি শেষে ৩০ নভেম্বর রায়ের তারিখ ধার্য হলেও আদালত বলেছেন, আইনজীবীদের আরও কোনো বক্তব্য থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) পেশ করা যাবে।’