নাগেলসমান মনে করেন দল হিসেবে খেলতে পারছে না জার্মানি

২০২৪ ইউরোর স্বাগতিক দেশ জার্মানি। বাছাইপর্ব উতরানোর ঝঞ্ঝাট তাই নেই তাদের সামনে। আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচেই সময় পার করছেন ইউলিয়ান নাগেলসমান ও তার শিষ্যরা। তবে একেবারেই সুখে কাটছে না চারবারের বিশ্বকাপজয়ীদের সময়। তুরস্কের পর এবার মঙ্গলবার অস্ট্রিয়ার কাছে হেরে গেছে তারা।

টানা হারের পর জার্মানির কোচ মনে করেন, তাদের এখনও অনেক কাজ করতে হবে। এই কারণে দুঃশ্চিন্তাতেও আচ্ছন্ন হয়ে আছেন নাগেলসমান। অস্ট্রিয়ার বিপক্ষে গোল হজম করার পর ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলের শট নিতে পারে জার্মানি। দ্বিতীয়ার্ধে লেরয় সানের ক্যারিয়ারে প্রথম লাল কার্ডে বিপদ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে ফিরতে হয় জার্মানিকে। এর আগের ম্যাচে তুরস্কের কাছে ৩-২ গোলে পরাজয় বরণ করে নাগেলসমানের শিষ্যরা।

জার্মান কোচ বলেন, ‘দল হিসেবে খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে তাদের। আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। শুধুমাত্র খুব কঠোর পরিশ্রমের মাধ্যমেই কাজটা সম্ভব হবে। এটাই বাস্তবতা। আমাদের খেলোয়াড়দের আরও স্বাধীনভাবে খেলা উচিত।’