যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, তারা ভারত হারায় পটকা ফাটিয়েছে : শুভেন্দু

ভারতের হৃদয় ভেঙে ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে নীল জার্সির ভারতীয়দের বিশ্বকাপ জয়ের মহোৎসবের প্রস্তুতিকে বেদনায় ডুবিয়েছে হলুদ জার্সির অজিরা। অস্ট্রেলিয়া নিজেদের আগের রেকর্ড ভেঙে ছয়বার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ড গড়েছে। অজিদের জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রসংশা করতে দেখা যায়।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বজয়ে বাংলাদেশি ভ্ক্তদের উচ্ছ্বাসও ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ আবার আতশবাজি-পটকাও ফোটান। কোথাও বাজি ফাটিয়ে, কোথাও মিষ্টি বিলি করে উদযাপন করা হয়েছে ভারতের হারও। কিন্তু তাদের এমন উচ্ছ্বাসকে ভালোভাবে নিতে পারেননি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বাংলাদেশকে নিজেদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে। সেটা অস্ট্রেলিয়া জিতার জন্য নয়, ভারত হারার জন্য।’ তিনি আরো বলেন, ‘ওইটা ইসলামিক কান্ট্রি। অত্যন্ত আপত্তিকর এবং ঘৃণিত কাজ’। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দোষারোপ করে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফেসবুকে যে সমস্ত জিনিস পোস্ট করেছে- আমাদের দেশের খেয়ে দেশের বিরোধিতা করে এই ধরনের কথা বার্তা! এটা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে।’ তিনি আরো বলেন, ‘আর এখানে খাব এখানে ঘুমাব- এদেরকে আগে বিচ্ছিন্ন করা দরকার। তাদেররকে সোশ্যাল মিডিয়াতে চিহ্নিত করে একবারে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া দরকার। আমার সীমাবদ্ধ ক্ষমতায় আমি এদের এক্সপোস করব।’