তিন দোকানে ডাকাতি ৮০ ভরি সোনা লুট

সাভারে একটি মার্কেটের তিনটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই তিন দোকান থেকে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে। গতকাল বুধবার ভোরের আগে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের লালন টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেটটির অন্য দোকানিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ডাকাতি হওয়া ওই সব সোনার দোকানিরা বলেন, ভোরে একদল মুখোশধারী ডাকাত ওই মার্কেটের তিনজন নিরাপত্তাকর্মীর সহায়তায় ভেতরে প্রবেশ করে। পরে তারা তালা কেটে সোনাক্ষী জুয়েলার্স থেকে ৪২ ভরি, মমতা জুয়েলার্স থেকে ৩৫ ভরি ও গীতাঞ্জলি জুয়েলার্স থেকে ৩ ভরি সোনার অলঙ্কারসহ মোট ৮০ ভরি সোনা, নগদ টাকা ও মার্কেট থেকে সিসি টিভির হার্ডডিক্সসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। এদিকে সকালে মার্কেটে এমন ডাকাতি দেখে দোকানিরা এসে কান্নায় ভেঙে পড়েন। ডাকাতির ঘটনার পর থেকে মার্কেটটির তিন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছে।

অপরদিকে, একই রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের একটি মার্কেটে সাতটি মোবাইলের দোকান থেকে অন্তত বিশ লাখ টাকার মালামাল ও আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি বাড়ি থেকে সোনা, টাকা পয়সাসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা।