শিক্ষামন্ত্রী বললেন

অনেক তরুণ ও নারী আ. লীগের মনোনয়ন চেয়েছেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক তরুণ ও নারী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এটি ভালো লক্ষণ।

তিনি গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

দল যাকে মনোনয়ন দেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবেন জানিয়ে দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা এই দলটিতে কাজ করেন সারা জীবন মানুষের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেই একটা পর্যায়ে আসেন।

প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। দলীয় মনোনয়ন চাওয়ার সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা বোর্ডের সিদ্ধান্ত। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলে আশা করি।