ইসি আনিছুর রহমান

নির্বাচনে আসা না আসা সেটা তাদের দলীয় সিদ্ধান্ত

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘কে নির্বাচনে আসবে, কে আসবে না, এটা দেখা কিন্তু আমাদের দায়িত্ব না।

সাংবিধানিকভাবে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে, আমরা সেভাবে তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এটাকে কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ করা যাবে না।’ গতকাল বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

‘বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে চায় তাহলে সুযোগ আছে। ইতিমধ্যে ৪৪টি নিবন্ধিত দল নিয়ে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সে রকম নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনে যদি অন্য আর কোনো দল নাও আসে সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর চলমান কর্মসূচিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

ইসি আনিছুর রহমান আরও বলেন, ‘আমরা সবাইকে বিভিন্ন সময় আহ্বান করেছি, আমন্ত্রণ জানিয়েছি। কেউ এসেছে, কেউ আসেনি। সে ক্ষেত্রে নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন ২০২৪ সালের ২৮ জানুয়ারির মধ্যে না হলে, সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হবে। যেটা কারোই কাম্য না।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা অনেকগুলো নির্বাচন করেছি। জাতীয় সংসদের উপনির্বাচন করেছি, স্থানীয় সরকার নির্বাচন করেছি। সবগুলোতেই আমরা চেষ্টা করেছি, সর্বোচ্চ সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করার জন্য। এখন পর্যন্ত পরিস্থিতির কোনো অস্বাভাবিকতা লক্ষ করিনি।