মার্কিন-কানাডা সীমান্তে গাড়ি বিস্ফোরণ, নিহত ২

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিংয়ে গাড়িতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন।

এই ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্ক দেখা দেয়ায় উত্তর আমেরিকার দেশ দুটির মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হন এবং এর জেরে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বড় ছুটির প্রাক্কালে ঘটা এই ঘটনায় ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

ঠিক কি কারণে গাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটল তা জানা না গেলেও বিস্ফোরণের এই ঘটনায় সন্ত্রাসী কোন কার্যকলাপ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষ।

নিউইয়র্ক সিটির ৪০০ মাইল (৬৪০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত চেকপয়েন্টে বিস্ফোরণে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, এই ঘটনা ‘সন্ত্রাসী’ হামলা ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে তদন্ত শেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এফবিআই জানিয়েছে যে ঘটনাস্থল অনুসন্ধানে কোনো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি এবং কোনো সন্ত্রাসবাদের যোগসূত্র শনাক্ত করা যায়নি।"

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে পোষ্ট করেছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। তাতে দেখা যায় যে, গাড়িটি  যুক্তরাষ্ট্রের দিক থেকে উচ্চ গতিতে আসছিল। এরপর কোন বস্তুর সাথে আঘাতের ফলে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলেই চালক এবং একজন যাত্রী মারা যান এবং একজন সিবিপি অফিসার সামান্য আহত হন।

নিহত দুই জনের পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে সিএনএন জানিয়েছে যে গাড়ির চালক ৫৬ বছর বয়সী একজন ব্যক্তি যিনি তার স্ত্রীর সাথে রক গ্রুপ কিস-এর একটি কনসার্টে যোগ দিতে ভ্রমণ করছিলেন।