অ্যান্ডারসনের বিশ্বকাপ সেরা একাদশে মাহমুদউল্লাহ

ভারতকে ফাইনালে হারিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয় দিয়ে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টে পারফরম্যান্সের ওপর ভিত্তিক করে নিজেদের পছন্দের একাদশে কথা যাচ্ছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ সেরা একাদশ দিলেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ এই তারকা পেসারের পছন্দের একাদশে জায়গা হয়েছে বাংলাদেশের মাহমুদউল্লাহর!

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারত গিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে সেই পথে ছোটার শুরুটা ভালোই হয়েছিল তাদের। কিন্তু এরপর একের পর এক হারে শেষ চারে খেলার আশা ধূলিসাৎ হয়ে যায় বাংলাদেশের। ৯ ম্যাচে ২ জয়ে অষ্টম হয়ে আসর শেষ করে তারা।

তাই বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের কারো থাকা অবাক করার মতোই। আইসিসি ও উইজডেনের সেরা একাদশেও নেই বাংলাদেশের কেউ। কিন্তু অ্যান্ডারসন নিজের সেরা একাদশে জায়গা দিলেন ৮ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩২৮ রান করা মাহমুদউল্লাহকে। আসরে বাংলাদেশের হয়ে তার রানই সর্বোচ্চ।

পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি অ্যান্ডারসনের একাদশে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের ডাভিড মালানের মতো ক্রিকেটাররাও। একমাত্র ভারত থেকেই রাখা হয়েছে দুজন ক্রিকেটার। শিরোপাজয়ী অস্ট্রেলিয়া থেকে আছেন শুধুমাত্র অ্যাডাম জাম্পা। অ্যান্ডারসনের এই একাদশে সব দেশ থেকেই অন্তত একজন করে রাখা হয়েছে।

অ্যান্ডারসনের বিশ্বকাপ সেরা একাদশ: ডাভিদ মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাশমতউল্লাহ শাহিদি (আফগানিস্তান), মাহমুদউল্লাহ (বাংলাদেশ), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা), জেরাল্ড কোটজে (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ শামি (ভারত)।