কাদের

রাজশাহী ও রংপুর বিভাগে মনোনয়ন চূড়ান্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই বিভাগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাদের বলেন, 'আমাদের পার্লামেন্টারি বোর্ড আজকে দুটি বিভাগ—রংপুরে ৩৩টি ও রাজশাহীতে ৩৬টি, মোট ৬৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করব না।'

তিনি আরও বলেন, 'আমরা একসঙ্গে  আনুষ্ঠানিকভাবে আমাদের মনোনয়ন ঘোষণা করব।'

'আজকে যাদের চূড়ান্ত করা হলো তাদের মধ্যে রাজনীতির বাইরে কেউ আছেন কি না' জানতে চাইলে কাদের বলেন, 'আজকে বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ নেই। হয়তো আসবে পরবর্তীতে। রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই।'

'বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কতজন বাদ পড়েছেন' জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'কতজন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। কিছু কিছু বাদ পড়েছেন।'