ঘরের মাঠে লড়াই। বিশ্বকাপের পর প্রথম সিরিজ। সব মিলিয়ে আগ্রহ কম থাকার কথা নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে। কিন্তু দেখা গেল উল্টো চিত্র। ক্রিকেট পাগল ভারতের মতো দেশে স্বাগতিক অধিনায়কের সংবাদ সম্মেলনে এলেন মাত্র দুইজন সাংবাদিক!
গত ১৯ নভেম্বর আহমেদাবাদের ফাইনালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে ছিল ভারতের। বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার মাঠের খেলায় মনোযোগ দিতে হচ্ছে দুই দলকেই। আজ থেকে শুরু হচ্ছে তাদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দেশটা যখন ভারত, তখন নতুন অধিনায়ককে ঘিরে স্বাভাবিকভাবেই সবার আগ্রহ থাকার কথা। বিশেষ করে অধিনায়কের প্রথম সংবাদ সম্মেলনে সংবাদকর্মীতে ভরপুর থাকে। কিন্তু কাল বিশাখাপট্টনমে সূর্যকুমারের সংবাদ সম্মেলনে এলেন কিনা মাত্র দুজন সাংবাদিক!
অথচ বিশ্বকাপে প্রথম পর্বে ভারতের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ১০০ জনের বেশির সাংবাদিক উপস্থিত ছিলেন। সেমিফাইনাল ও ফাইনালে সংখ্যাটা ২০০ ছাড়িয়েছিল। তাহলে হঠাৎ কী হলো?
বিশ্বকাপ ফাইনালে ভারতীয়দের হৃদয় ভাঙার ক্ষত এখনো সারেনি। অনেকে সেটাকে কারণ হিসেবে ধরতেই পারেন। তবে এখানে ব্যাপারটা তেমন নয়। মূলত বিশ্বকাপ শেষ হতে না হতেই দুই ফাইনালিস্টের আরেকটি সিরিজ শুরু হতে যাওয়া নিয়ে ক্লান্ত সাংবাদিকেরা আগ্রহ হারিয়ে ফেলেছেন।
ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ অনেকের কাছে অর্থহীন মনে হচ্ছে। প্রায় দুই মাস বিশ্বকাপ কাভার করা সাংবাদিকেরাও খেলোয়াড়দের মতো ক্লান্ত হয়ে পড়েছেন। এ কারণে কাল সূর্যকুমারের সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা পিটিআই ও এএনআইয়ের একজন করে সাংবাদিক ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। নিজেদের দেশে ভারতীয় দলের সংবাদ সম্মেলনে এটাই সবচেয়ে কম সাংবাদিক উপস্থিতির রেকর্ড কি না, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এত কম সংবাদকর্মী আগে কখনো দেখা যায়নি।
সূর্যকুমারের সংবাদ সম্মেলনে তবু দুজন সাংবাদিক ছিলেন, এই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েডের কথা শুনতে কেউই যাননি। শেষ পর্যন্ত ওয়েডের সংবাদ সম্মেলন বাতিল হয়ে যায়।