২৬ ও ২৭ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা

আগামী ২৬ ও ২৭ নভেম্বর (রবি ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান অলি আহমদ।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। সাহসিকতার সাথে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অর্জন হলো তার আত্মসম্মান। সেই সম্মান হারিয়ে কি হবে, একবার ভেবে দেখুন। 

তিনি আরও বলেন, আপনাদের নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হোন। অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না।