‘এটা কেমন শাস্তি’, ব্যাংক কর্মকর্তা ছেলেকে হারিয়ে মায়ের আহাজারি

রাজধানীর ডেমরায় আজ বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হিউম্যান হলার-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে একজন আসিফ হোসেন (২৮)। তিনি একটি বেসরকারি ব্যাংকের সহকারী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্ত্রী রিমা ও অফিস সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন। এসময় আসিফের স্ত্রী আহাজারি করতে করতে বার বার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। তিনি বলতে থাকেন, ‘আমি এখন কি নিয়ে বাঁচব। আমার সব শেষ।’ 

স্ত্রী রিমা বিশ্বাস জানান, তারা ডেমরা সারুলিয়া তালতলা মসজিদ এলাকায় ভাড়া থাকেন। তার স্বামী আসিফ আইএফআইসি ব্যাংকের কোনাপাড়া শাখার সহকারী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিজেও এনআরবি ব্যাংক বাসাবো শাখায় চাকরি করেন। সকালে ডেমরা থেকে লেগুনাযোগে মাতুয়াইল যাচ্ছিলেন।

সূত্রে জানা গেছে, রিমা বিশ্বাস নিজ ধর্ম ত্যাগ তরে আসিফকে বিয়ে করেন কয়েক বছর হলো। তারা সুখেই সংসার করছিলেন। কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে এলো অন্ধাকার। সড়কই যেন তাদের সুখের সংসারে অন্ধকারে ফেল দিল।

আসিফ হোসেনের মা আহাজারি করতে করতে বলেন, ‘কিছুদিন আগে ছেলেটার বাবা মারা গেল। এখন ছেলেটাকেও নিয়ে গেল। এটা কেমন শাস্তি। আমি এখন কি নিয়ে বাঁচবো।’ তিনি আরও বলেন, ‘আজ সকাল বেলাও আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল। ছেলে আর ছেলের বউ এক সঙ্গে অফিসে যেতে বাসা থেকে বের হয়। কিন্তু একি হয়ে গেল। আমার ছেলেটা নাই হয়ে গেল। আমার এখন কি হবে।’