করোনায় ৩৫ লাখ মানুষকে সচেতন করেছে এফপিএবি

সরকারের পাশাপাশি মহামারি কোভিড-১৯ থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিয়েছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৩৫ লাখ মানুষকে মাস্ক বিতরণ, অ্যাম্বুলেন্স সহায়তা, সচেতনতামূলক সভা-সেমিনার ও পরামর্শ দিয়েছে সংগঠনটি। জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় এফপিএবি সদস্য, মসজিদের ইমাম, সাংবাদিক ও স্থানীয় নেতাদের মধ্যে কোভিড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা সম্পর্কে সচেতন করেছে তারা। 

সম্প্রতি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (এফপিএবি) প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য ওঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, কোভিড-১৯সহ, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যহীনতা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত যৌনজীবন উপভোগের জন্য যুব-জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা নিয়ে কাজ করে আসছে এফপিএবি। সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৫ সালে। সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু করলে এফপিএবি সরকারের সম্পূরক ও পরিপূরক সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ২৩টি জেলায় ২১টি পূর্ণাঙ্গ ক্লিনিক, ২টি বিশেষ কর্ম ইউনিট, ৭২টি এফডিসি, ২১টি তারার মেলা (যুববান্ধব ক্লিনিক) ও সিবিডি কার্যক্রমের মাধ্যমে ৫০ লাখ মানুষের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করছে। যার মধ্যে ৫৩ শতাংশ যুব জনগোষ্ঠী। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অনেক সমস্যার মুখোমুখি হলেও লকডাউন চলাকালীন সাহসের সাথে কাজ করেছেন সংগঠনের কর্মীরা। এক্ষেত্রে এফপিএবির ২০টি শাখা ক্লিনিক, আধুনিক চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রপাতি, স্ক্রিনিং প্রটোকল, কর্মী সুরক্ষা নীতি, কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ এবং সুরক্ষা সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

এফপিএবির প্রোগ্রাম অফিসার (ইউথ) হোসনে জাহান বলেন, আমরা এখনও কোভিড-১৯ থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। তুলনামূলক কম হলেও করোন আক্রান্ত হয়ে এখনও মানুষের মৃত্যু হচ্ছে। বিশেষ করে ৬০ বছরের বেশি মানুষ, গর্ভবতী নারী, দূর্গম এলাকা ও দ্বীপে বসবাসকারী, ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ডায়াবটেসি আক্রান্ত, গুরুতর কার্ডিওভাসকুলার রোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসরে রোগ, দীর্ঘস্থায়ী লিভার বা কিডনি রোগ, ক্যান্সার আক্রান্ত ও টিকাবিহীন মানুষ এখনও আশঙ্কার বাইরে নন। তাই কোভিড থেকে বেঁচে থাকতে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই।