ইনজুরি নিয়ে জানালেন দেবাশীষ চৌধুরী

তাসকিন-রিয়াদ লম্বা পূনর্বাসনে, সাকিব-ইবাদতের উন্নতি

খেলোয়াড়দের কাছে মূর্তিমান আতঙ্কের অপর নাম ইনজুরি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বর্তমান সময়ে দানা বেঁধেছে এই বিষয়টি। বেশ কজন ক্রিকেটার লড়ছেন ইনজুরির সঙ্গে, আছেন সেড়ে ওঠার প্রক্রিয়ায়। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোলাসা করেন।

বিশ্বকাপের শ্রীলঙ্কা ম্যাচে হাতের আঙ্গুলে ফ্র্যাকচার হয় অধিনায়ক সাকিব আল হাসানের। বুধবার বিসিবিতে এসে দেবাশীষ চৌধুরীকে দেখিয়ে যান সাকিব। সাকিব প্রসঙ্গে চিকিৎসক বলেন, ‘এ ধরনের ফ্র্যাকচারে তিন সপ্তাহ পর রিভিউ করতে হয়। সাকিবের দুই সপ্তাহ পেরিয়েছে মাত্র। কিছুদিন পরেই বোঝা যাবে অবস্থা। তবে ভালো খবর হচ্ছে, শুরু দিকে থাকা প্রকট ব্যাথা এখন আর নেই।

আগে থেকেই কাঁধের চোটে ভুগছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপেও সঙ্গী ছিল এই ইনজুরি। তাই তাসকিনকে দীর্ঘ সময় খেলা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেই সময়কালটি হবে অন্তত এক মাস। চিকিৎসক বলেন, ‘তাসকিনের ক্যারিয়ার বিবেচনা করেই এমন সিদ্ধান্ত। ইনজুরি ও ব্যাথা যেহেতু বারবার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোন বিকল্প নেই।’

ইংল্যান্ডে হাঁটুর অস্ত্রোপচারের পর দুই মাস সময় পার করেছেন আরেক পেসার ইবাদত হোসেন। আগামী ৩০ নভেম্বর ফের সেখানে গিয়ে শল্য চিকিৎসকের সঙ্গে দেখা করবেন তিনি। তার ব্যাপারে দেবাশীষ জানান, ‘ইবাদত আবারও ইংল্যান্ড যাচ্ছে। ওর অবস্থার বেশ অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছেই পাঠানো হচ্ছে। ওখানে সাক্ষাত শেষে দেশে ফিরবেন ইবাদত।’

বিশ্বকাপের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। দেবাশিষ জানান, ‘চোট বিবেচনা করে রিয়াদকেও একটা দীর্ঘ সময় পূনর্বাসনের মধ্যে রাখার হয়েছে।’

ইনজুরির কারণে ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড টেস্টেও থাকছেন না এদের অনেকেই।