যুক্তরাষ্ট্রে খালিস্তানি নেতাকে হত্যাচেষ্টা, ফের আলোচনায় ভারত

কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছিলেন, খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারত যুক্ত ছিল বলে তাদের কাছে তথ্যপ্রমাণ আছে। এবার যুক্তরাষ্ট্রও তাদের মাটিতে ভারতের ‘গুপ্তহত্যার পরিকল্পনা’ নিয়ে অভিযোগ করল।

গত মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, খালিস্তানপন্থি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু মার্কিন কর্মকর্তারা তা হতে দেননি। এর সঙ্গে ভারত জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মার্কিন তদন্তকারীরা সিলবন্ধ খামে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছেন। খবর ডয়চে ভেলে ও ভয়েজ অব আমেরিকার।

গুরপতওয়ান্ত সিং পান্নুন যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিক। তিনি শিখস ফর জাস্টিস সংগঠনটিতে সাধারণভাবে উপদেশ দিয়ে থাকেন। পান্নুনের সংগঠনটি এমন একটি আন্দোলনের অংশ যেটি কয়েক দশক ধরে খালিস্তান নামে ভারতে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের পক্ষে কার্যক্রম চালিয়ে আসছে। ভারত সরকার প্রায়ই এ ধরনের বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করে থাকে।

পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ওয়াটসন বলেন,  আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। মার্কিন সরকার ভারতের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি তুলেছিল। যখন বিষয়টি তোলা হয়, ভারতীয় প্রতিনিধিরা আশ্চর্য হয়ে যান। তারা বারবার বলেন, ভারত কখনোই এ ধরনের নীতি নিয়ে চলে না।