দারুণ সুসময় পার করছেন শাহরুখ খান। চলতি বছরটা যেন তারই। মুক্তি পাওয়া দুই সিনেমা সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ও অ্যাটলি কুমারের ‘জওয়ান’ দিয়ে রীতিমতো বাজিমাত করে দিয়েছেন। সিনেমা দুটির বাজেট ছিল যথাক্রমে ২২৫ ও ৩০০ কোটি রুপি।
এবার মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের আরেকটি সিনেমা—‘ডানকি’, যেটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। তবে ছবিটির বাজেট শুনলে চমকে যেতে পারেন। এটির বাজেট গত ছয় বছরের মধ্যে শাহরুখ অভিনীত সিনেমার মধ্যে সবচেয়ে কম। তারপরও মুক্তির আগেই ‘ডানকি’ ১০০ কোটি রুপি আয় করেছে।
মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে এরই মধ্যে লাভের ১০০ কোটি রুপি পকেটে পুরেছেন নির্মাতারা। আগামী ২১ ডিসেম্বর মুক্তির পর প্রেক্ষাগৃহের আয় যোগ করলে এই অঙ্ক নিশ্চিতভাবেই কয়েক গুণ বাড়বে। অনেকের ধারণা, বড়দিন ও নববর্ষ উৎসবের সময় মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিও বক্স অফিসে ঝড় তুলবে।
মুক্তির আগে ‘ডানকি’র বাজেট নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে পিংকভিলা জানিয়েছে, মাত্র ৮৫ কোটি রুপিতে তৈরি হয়েছে সিনেমাটি। তবে এটি কেবল প্রোডাকশন খরচ; শাহরুখ খান, রাজকুমার হিরানি, তাপসী পান্নু ও ভিকি কৌশলের পারিশ্রমিক এতে অন্তর্ভুক্ত নেই। তবে এ সিনেমা থেকে পরিচালক রাজু হিরানি ও অভিনেতা শাহরুখ কোনো পারিশ্রমিক নেবেন না, তারা লভ্যাংশ ভাগাভাগি করবেন। প্রচার ও অন্যান্য পারিশ্রমিক মিলিয়ে ‘ডানকি’র মোট বাজেট ১২০ কোটি রুপি, যা শাহরুখের সিনেমা হিসেবে যথেষ্টই কম। তবে শাহরুখ আশাবাদী।
ইনস্টাগ্রামে এক পোস্টে রাজকুমার হিরানির উদ্দেশে শাহরুখ লিখেছেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি দেখছি আমার সান্তা ক্লজ। আপনি শুরু করুন, আমি ঠিক সময়মতো পৌঁছে যাব। আসলে আমি সেটেই আছি। আপনার সঙ্গে কাজ করে রীতিমতো উচ্ছ্বসিত। ২০২৩ সালের ২২ ডিসেম্বর আপনাদের সবার জন্য “ডানকি” নিয়ে আসছি।’
গতকাল বুধবার ‘ডানকি’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। গানটি ইতিমধ্যে দর্শকের হৃদয় জয় করেছে। এই ছবিতে শাহরুখের অভিনীত চরিত্রের নাম ‘হার্ডি’। আর তাপসী পান্নুকে ‘মনু’র চরিত্রে দেখা যাবে। এই ছবিতে রয়েছেন ভিকি কৌশলও।